খাঁচায় বন্দী পাখি

মূল
কবিতাঃ কেজ্‌ড বার্ড
কবিঃ মায়া অ্যাঞ্জেলো
(https://www.poetryfoundation.org/poems/48989/caged-bird )

বাতাসে সওয়ার মুক্ত পাখিটি সোজা উঠে যায় আকাশে
ভেসে নেমে যায় সমীরণ স্রোত যেখানে ফুরিয়ে আসে।
কমলা রোদের রশ্মিপ্রবাহে ডানাদুটি মাখে তার ।
স্পর্ধায় রাখে আকাশেতে অধিকার।

খাঁচার গর্তে বন্দী পাখিটি মাথা কুটে মরে লাট খেয়ে
হতাশ ক্রোধের শলাকায় তার দৃষ্টি গিয়েছে আটকে
ডানা দুটি গেছে ছাঁটা আর চরণে শিকল টানে।
নিরূপায় পাখি তাই গলা খোলে তার গানে।

খাঁচার পাখির সুরের লহরী কেঁপে কেঁপে ওঠে শঙ্কায়
সেই অজানার অমোঘ টানেতে মন তার যাহা চায়
দূর দূরান্তে পাহাড়ের গায় শোনা যায় সুর তার
খাঁচার পাখিটি গান গায় ওর মুক্তি আকাঙ্ক্ষার

স্বাধীন পাখিটি কল্পনা করে সুমধুর মৃদু বাতাসের
বাণিজ্য বায়ু ধীরে ঘুরে যায় গাছে গাছে ফিসফাসে
উজ্জ্বল ভোরে উঠোনের ধারে পুষ্ট পোকার প্রাতরাশ
মুক্ত পাখির মনে হয় যেন, এ তার নিজের আকাশ।

খাঁচার পাখির পায়ের তলায় স্বপ্নেরা গেছে কবরে
ছায়াও আতঙ্কে দুঃস্বপ্নের চিৎকার করে বেঘোরে
ডানা দুটি তার ছাঁটানো হয়েছে, শিকল বসেছে পায়
কি করবে পাখি, গলা চিরে গান গায়।

খাঁচার পাখির সুরের লহরী কেঁপে কেঁপে ওঠে শঙ্কায়
সেই অজানার অমোঘ টানেতে মন তার যেটা চায়
তাই তার সুর ছড়িয়ে পড়েছে দূর পাহাড়ের পার
খাঁচার পাখি যে শোনাচ্ছে গান মুক্তি আকাঙ্ক্ষার।

অনুবাদ – জুন ৩, ২০২০

*********************************

[প্রকাশিত – গুরুচন্ডালি]

 

বাতাসে সওয়ার মুক্ত পাখিটি সোজা উঠে যায় আকাশে
ভেসে নেমে যায় সমীরণ স্রোত যেখানে ফুরিয়ে আসে।